
ছবি- সংগৃহীত
বিশ্বকাপ ফুটবলের শেষ ষোলোর ম্যাচে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার জয় নিয়ে চলমান বিতর্কে এবার মন্তব্য করেছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। তার দাবি, ওই ম্যাচে মিশরকে প্রাপ্য জয় থেকে ‘বঞ্চিত’ করা হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত ম্যাচে ৩-২ ব্যবধানে জয় পেয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
রোমাঞ্চে ভরা ম্যাচটি শেষে রেফারির একাধিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। একসময় ২-০ ব্যবধানে পিছিয়ে থাকা আর্জেন্টিনা শেষদিকে ঘুরে দাঁড়িয়ে ৭৯ মিনিটের পর তিন গোল করে জয় তুলে নেয়।
ম্যাচের একটি পর্যায়ে মিশরের করা একটি গোল ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পর্যালোচনার পর বাতিল করা হয়। সিদ্ধান্তটি নিয়ে বিস্ময় প্রকাশ করেন ম্যাচের ধারাভাষ্যকাররাও। ফক্স স্পোর্টসের ধারাভাষ্যকার ড্যারেন ফ্লেচার বলেন, ‘ভিএআর আমার জীবনকে অতিষ্ঠ করে তুলেছে।’ যদিও পরে মিশর আরও একটি গোল করে ২-০ ব্যবধানে এগিয়ে যায়।
এরপর মিশরের পক্ষে পেনাল্টির দাবি ওঠার মতো একই ধরনের একটি ঘটনা ঘটলেও সেটি ভিএআরে পরীক্ষা করা হয়নি। রেফারির এসব সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন উঠেছে, আর্জেন্টিনাকে পরবর্তী রাউন্ডে তুলতেই কি এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি শহরে বাস চলাচলের জন্য অতিরিক্ত লেন চালুর সুবিধা তুলে ধরতে গিয়ে বলেন, ‘এর মানে হলো, গতকালের ম্যাচে মিশরকে যেভাবে বঞ্চিত করা হয়েছে, তা নিয়ে বন্ধুদের সঙ্গে আলোচনা করার এবং একমত হওয়ার জন্য মানুষ আরও বেশি সময় পাবে।’
ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় মিশরের কোচ হোসাম হাসানও রেফারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমরা এখানে কোনো ফেয়ার প্লে দেখিনি। পেনাল্টি পাওয়ার মতো একটি ঘটনাও ভিএআরে পরীক্ষা করা হয়নি। কোনো এক অজানা কারণে আমাদের একটি গোলও বাতিল করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘মনে হয়েছে রেফারির ওপর আর্জেন্টিনার পক্ষ থেকে এক ধরনের চাপ ছিল, যার প্রভাব ম্যাচের ফলাফলে পড়েছে। জীবন অন্যায্য, পৃথিবীও অন্যায্য। কিন্তু খেলাধুলায় কেন ন্যায়বিচার থাকবে না? যেভাবে ম্যাচটি পরিচালিত হয়েছে এবং যে ফলাফল এসেছে, তাতে আমি মোটেও সন্তুষ্ট নই।’